
নদিয়া, ২ জুলাই (হি.স.) : তৃণমূলেরই বিদ্রোহী গোষ্ঠীর আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে নদিয়া জেলা পরিষদের সভাধিপতি অপসারিত হলেন তারান্নুম সুলতানা মির।
নদিয়া জেলা তৃণমূলের অন্দরে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তারান্নুমের এই অপসারণে জেলায় নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হল বলেই মনে করা হচ্ছে।
প্রশাসন সূত্রের খবর, আপাতত জেলা পরিষদ পরিচালনার জন্য বসানো হবে প্রশাসক। পরে ফের নির্বাচন করে সভাধিপতি এবং সহ-সভাধিপতি নির্বাচিত করা হবে কি না, তা ঠিক করবে রাজ্য সরকার।
বৃহস্পতিবার জেলা পরিষদের তারকদাস বন্দ্যোপাধ্যায় সভাকক্ষে কড়া নিরাপত্তার মধ্যে এই অনাস্থা প্রস্তাবের শুনানি ও ভোটাভুটি প্রক্রিয়া সম্পন্ন হয়।
ভোটাভুটির সময় দেখা যায়, সময়ের সঙ্গে সভাধিপতির প্রতি অসন্তোষ আরও বেড়েছে। অনাস্থার পক্ষে সমর্থনকারীর সংখ্যা ২৭ থেকে বেড়ে ৩১ জনে গিয়ে দাঁড়িয়েছে। সভায় উপস্থিত মোট ৩৭ জন সদস্যের মধ্যে ৩১ জনই সভাধিপতিকে অপসারণের পক্ষে ভোট দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত