
কলকাতা, ২ জুলাই (হি.স.) : পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্নে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন নবান্নে রাজস্থান বিধানসভার অধ্যক্ষ বাসুদেব দেবনানি এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠকে বসেন।
প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজস্থান বিধানসভার অধ্যক্ষ বাসুদেব দেবনানির মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার মধ্যে বিভিন্ন সমসাময়িক এবং পারস্পরিক গুরুত্বসম্পন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে দুই নেতার মধ্যে চিন্তাভাবনা আদান-প্রদান হয়।
এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে আন্তরিক স্বাগত জানান। এই সাক্ষাৎপর্বে তিনি সিকিমের মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে কৃষ্ণনগরের তৈরি স্বামী বিবেকানন্দের একটি চমৎকার টেরাকোটা ভাস্কর্য এবং ভৌগোলিক নির্দেশক (জিআই) ট্যাগ প্রাপ্ত ঐতিহ্যবাহী ডোকরা শিল্পের একটি অনন্য শিল্পকর্ম উপহার হিসেবে তুলে দেন।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই ঐতিহ্যবাহী শিল্পকর্মগুলির মাধ্যমে বাংলার সমৃদ্ধ শিল্প, সংস্কৃতি এবং হস্তশিল্পের গৌরবময় ঐতিহ্যকে অত্যন্ত মর্যাদার সাথে তুলে ধরা হয়েছে। উপহার আদান-প্রদানের পাশাপাশি দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক ও সাধারণ বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের জন্য একটি বিশেষ ওরিয়েন্টেশন (প্রশিক্ষণ) কর্মসূচির আয়োজন করা হয়েছে। মূলত এই অনুষ্ঠানে যোগ দিতেই ওই দুই বিশিষ্ট ব্যক্তিত্ব কলকাতায় এসেছেন। এই প্রশিক্ষণ কর্মসূচিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সেখানে নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় রীতিনীতি, আইনকানুন এবং বিধানসভার কার্যপ্রণালী সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি