মণিপুরে ধ্বংস দুটি জঙ্গি-বাঙ্কার, ভারত-মায়ানমার সীমান্তে গ্ৰেফতার কেওয়াইকেএল-এর তিন ক্যাডার
ইমফল, ২০ জুলাই (হি.স.) : মণিপুরে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে উখরুল জেলায় দুটি জঙ্গি বাঙ্কার ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে, চান্দেল জেলার ভারত-মায়ানমার সীমান্তবর্তী এলাকা থে
মণিপুরে ধ্বংস দুটি জঙ্গি-বাঙ্কার


ইমফল, ২০ জুলাই (হি.স.) : মণিপুরে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে উখরুল জেলায় দুটি জঙ্গি বাঙ্কার ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে, চান্দেল জেলার ভারত-মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘কাংলেই ইয়াওল কান্না লুপ’ (কেওয়াইকেএল)-এর তিন সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২০ জুলাই উখরুল জেলার ওয়াই কুকি গ্রাম এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে দুটি জঙ্গি বাঙ্কার গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পরিচালিত অভিযানে দুটি সিঙ্গেল-ব্যারেল রাইফেল, বিভিন্ন ক্যালিবারের ১০ রাউন্ড সক্ৰিয় গুলি, একটি গোলাবারুদ বহনের কোমর-বেল্ট (অ্যামুনিশন পাউচ) এবং ম্যাগাজিন সহ একটি পিস্তল উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

অন্যদিকে, গতকাল রবিবার পরিচালিত পৃথক অভিযানে চান্দেল জেলার চাকপিকারং থানার অধীন ভারত-মায়ানমার সীমান্তের পিলার নম্বর ৫০-এর সংলগ্ন এলাকা থেকে কেওয়াইকেএল-এর তিন সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জঙ্গিদের থউবাল জেলার খোংজোম তেঙ্গোল লেইকাই-এর বাসিন্দা স্বঘোষিত ল্যান্স কর্পোরাল হেইক্রুজাম বিল্ডার (৩৬), ইমফল পূর্ব জেলার কেইবি খুল্লেন মায়াই লেইকাই-এর বাসিন্দা স্বঘোষিত ল্যান্স কর্পোরাল লাঞ্চেনবা শর্মা ওরফে পুরেম্বা ওরফে কংগাম (২৪), এবং ইমফল পশ্চিম জেলার আওয়াং সেকমাই মায়াই লেইকাই-এর বাসিন্দা স্বঘোষিত ল্যান্স কর্পোরাল খোইরামপাম রেইসন ওরফে রাঙ্গু ওরফে চাওবা ওরফে জেনিথ (৩৪) বলে পরিচয় পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে, পাশাপাশি জঙ্গি কার্যকলাপ রুখতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande