
শান্তিপুর, ২১ জুলাই (হি. স.): নদিয়ার শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কের গোবিন্দপুর বাইপাসে মঙ্গলবার একটি গাড়ির সামনের চাকা ফেটে বড়সড় পথদুর্ঘটনা ঘটে। তেহট্ট থেকে কলকাতাগামী গাড়িটি ডিঙিপোতা এলাকায় ব্রিজে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায়।গাড়ির চালক দিলীপ কুমার মণ্ডল জানান, গাড়িতে তাঁর স্ত্রী মঞ্জু, মেয়ে দীপান্বিতা এবং পাঁচ বছরের নাতি ছিল। কলকাতায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর গাড়ির দরজা আটকে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা দরজা ভেঙে চারজনকে উদ্ধার করেন। তাঁদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত মঞ্জু মণ্ডল ও দীপান্বিতাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। চালক দিলীপ কুমার মণ্ডল ও তাঁর নাতি প্রাথমিক চিকিৎসার পর স্থিতিশীল।খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছে আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি নয়ানজুলি থেকে উদ্ধারের ব্যবস্থা করছে শান্তিপুর থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়