
উত্তর ২৪ পরগনা, ২১ জুলাই (হি.স.): নিউটাউনের পাথরঘাটায় ঘটল এক নৃশংস হত্যাকাণ্ড। ভিটেমাটির বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারালেন বাবা ও ছেলে। মর্মান্তিক এই হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন পরিবারের গৃহবধূ।
খবর পেয়েই বিধাননগর কমিশনারেটের পদস্থ আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এই রক্তাক্ত ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম মোজাফফর মিস্ত্রি ওরফে মনা (৫৫) এবং তাঁর ছেলে বাপি মিস্ত্রি (২৬)। পাথরঘাটা এলাকায় মিস্ত্রি পরিবারের একটি বিতর্কিত জমি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। সোমবার সেই জমিতে অন্য পক্ষ নির্মাণকাজ শুরু করলে মনা মিস্ত্রি ও তাঁর পরিবার তাতে বাধা দিতে যান।
অভিযোগ, বাধা দেওয়া মাত্রই বিপক্ষ গোষ্ঠী আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ধারালো অস্ত্র উঁচিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হইচইয়ে আশপাশ থেকে লোকজন ছুটে আসে। কিন্তু তার জেরেই মৃত্যু হয় দুজনের।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত