
কাজিরঙা (অসম), ২১ জুলাই (হি.স.) : আপার আসামের তিনটি জেলায় সৃষ্ট বন্যার জল ঢুকেছে কাজিরঙা জাতীয় উদ্যানে। ব্রহ্মপুত্রের জলস্তর বৃদ্ধি পাওয়ায় উদ্যানের প্রায় চারটি ফরেস্ট ক্যাম্প প্লাবিত হয়ে গেছে। একই সঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে কার্বি আংলং পাহাড় থেকে নেমে আসা ঢলের জলে কাজিরঙা জাতীয় উদ্যানের একাধিক জলাশয় উপচে পড়েছে, জানিয়েছেন উদ্যানের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) অরুণ ভিগনেশ।
ডিএফও অরুণ ভিগনেশ জানান, ব্রহ্মপুত্রের বন্যার জল উদ্যানের কিছু নিম্নাঞ্চল প্লাবিত করলেও এখনও পূর্ণাঙ্গ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে জলস্তর আরও বাড়ার আশঙ্কায় বন দফতর ইতিমধ্যেই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি জানান, কাজিরঙার বিস্তীর্ণ তৃণভূমি প্লাবিত হলে বন্যপ্রাণীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ৭১৫ নম্বর জাতীয় সড়ক অতিক্রম করে কার্বি পাহাড়ের দিকে চলে যেতে পারে। সে জন্য বন্যপ্রাণীদের চলাচলের ওপর বনকর্মীরা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন।
ডিএফও আরও জানান, জাতীয় উদ্যানে নির্মিত ১০৮টি হাইল্যান্ড বর্তমানে বন্যপ্রাণীদের নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য সম্পূর্ণ উপযুক্ত অবস্থায় রয়েছে। পরিস্থিতির ওপর বন দফতর নিবিড়ভাবে নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস