

নংপো (মেঘালয়), ২০ জুলাই (হি.স.) : টানা প্রবল বর্ষণের জেরে মেঘালয়ের রি-ভোই জেলায় আজ সোমবার ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগে এক শিশুর মৃত্যুর পাশাপাশি আরও তিনজন আহত হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, সড়ক এবং স্বাস্থ্যকেন্দ্র সহ সরকারি পরিকাঠামো।
সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাওহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উমলামফ্লাং গ্রামে। আজ ভোররাতে একটি বাড়ির ওপর ভূমিধস নেমে এলে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন ধসের চাপায়। পরে উদ্ধারকারী দল তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
এদিকে, উমলিং এবং উমলাদোহের একাধিক গ্রামে আকস্মিক বন্যার জল ঢুকে পড়ে। গভীর রাতে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। বন্যার জলে বাড়ির আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক বাড়িতে কাদা ও ধ্বংসাবশেষ জমে রয়েছে।
প্রবল বৃষ্টির জেরে উমলিং-পাথরখ্মাহ সড়কের একাধিক অংশ ভেঙেছে, বিভিন্ন স্থানে ভূমিধস নামায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে।
এছাড়া উমলিং হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বন্যার জলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের ওয়ার্ড, এমন-কি প্রসূতি বিভাগে জল ঢুকে পড়ায় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আসবাবপত্রের ক্ষতি হয়েছে। কেন্দ্রটির নার্স-ইন-চার্জ আর রংহাং জানান, এই স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার পর এত বড় বন্যার ঘটনা এই প্রথম দেখা গেছে।
জেলার বিভিন্ন এলাকায় দুর্যোগের প্রভাব এখনও অব্যাহত। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা দ্রুত ত্রাণ, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত এবং দুর্গত পরিবারগুলির জন্য জরুরি সহায়তার দাবি জানিয়েছেন।
এদিকে, রাজ্যের বিভিন্ন এলাকায় এখনও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় প্রশাসন সতর্কতা জারি করেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস