আনন্দপুর ফোর্টিস হাসপাতালে কোভিড-সদৃশ উপসর্গ নিয়ে ভর্তি একাধিক রোগী, উদ্বেগের কারণ নেই জানালেন চিকিৎসকরা
কলকাতা, ২০ জুলাই (হি. স.): কলকাতার আনন্দপুর ফোর্টিস হাসপাতালে কোভিড-সদৃশ উপসর্গ নিয়ে একাধিক রোগী ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডা. সুষ্মিতা রায়চৌধুরী ও তাঁর দল। এ দিকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে সোমবার উদ্বেগের কিছু নেই বলে আশ্বস্ত করে
আনন্দপুর ফোর্টিস হাসপাতালে কোভিড-সদৃশ উপসর্গ নিয়ে ভর্তি একাধিক রোগী, উদ্বেগের কারণ নেই জানালেন চিকিৎসকরা


কলকাতা, ২০ জুলাই (হি. স.): কলকাতার আনন্দপুর ফোর্টিস হাসপাতালে কোভিড-সদৃশ উপসর্গ নিয়ে একাধিক রোগী ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডা. সুষ্মিতা রায়চৌধুরী ও তাঁর দল। এ দিকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে সোমবার উদ্বেগের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন ফোর্টিস হাসপাতালের পালমোনোলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. শুভজিৎ সেন।

তাঁর কথায়, বর্তমানে মরশুমি ভাইরাল সংক্রমণ, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা এবং কোভিডের প্রকোপ কিছুটা বেড়েছে। আমাদের হাসপাতালে বর্তমানে সার্স-কভ-২ সংক্রমিত তিন জন রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে এক জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বাকি দু’জনের রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় আইসিইউ-তে ভর্তি করতে হয়েছিল। তবে চিকিৎসায় তাঁরা ভাল সাড়া দিয়েছেন এবং বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল।

ডা. সেন জানান, বর্তমানে কোভিডের উপসর্গ অনেকটাই ওমিক্রন পর্বের মতো। অধিকাংশ আক্রান্তের জ্বর, গলা ব্যথা, কাশি ও শরীর ব্যথার মতো হালকা উপসর্গই দেখা যাচ্ছে। তবে প্রবীণ ব্যক্তি এবং যাঁরা আগে থেকেই বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে সংক্রমণ কিছুটা গুরুতর আকার নিতে পারে।

জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। অধিকাংশ রোগী সঠিক সময়ে চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠছেন। তবে জনবহুল বা ভিড়ের জায়গায় মাস্ক ব্যবহার করা, নিয়মিত হাত পরিষ্কার রাখা, সংক্রমণ বৃদ্ধি পেলে অপ্রয়োজনীয় জমায়েত এড়িয়ে চলা এবং উপসর্গ বাড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ভয়ের নয়, বরং এই মুহূর্তে সতর্ক থাকাই মূল চাবিকাঠি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande