প্রথম ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের ব্যবসায় দারুণ সাফল্য, মোট ব্যবসা ছাড়াল ৩.২ লক্ষ কোটি টাকা
কলকাতা, ২১ জুলাই (হি.স.): চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দুর্দান্ত আর্থিক সাফল্য অর্জন করল বন্ধন ব্যাঙ্ক। সম্প্রতি প্রকাশিত আর্থিক ফলাফল অনুযায়ী, এই সময়কালে ব্যাঙ্কের মোট ব্যবসা ১১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে ৩.২ লক্ষ কোটি টাকার গণ্ডি অতিক্রম কর
বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ১১% বৃদ্ধি প্রথম ত্রৈমাসিকে


কলকাতা, ২১ জুলাই (হি.স.): চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দুর্দান্ত আর্থিক সাফল্য অর্জন করল বন্ধন ব্যাঙ্ক। সম্প্রতি প্রকাশিত আর্থিক ফলাফল অনুযায়ী, এই সময়কালে ব্যাঙ্কের মোট ব্যবসা ১১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে ৩.২ লক্ষ কোটি টাকার গণ্ডি অতিক্রম করেছে।

প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, ব্যাঙ্কের মোট ঋণ পোর্টফোলিও ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৫৬ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। একই সময়ে মোট আমানতের পরিমাণ ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৬৫ লক্ষ কোটি টাকা। উল্লেখযোগ্যভাবে, ব্যাঙ্কের মোট আমানতের প্রায় ৭৪ শতাংশই এসেছে খুচরা আমানত (Retail Deposits) থেকে। ব্যাঙ্কের কাসা অনুপাত ২৯.৪ শতাংশ এবং মূলধন পর্যাপ্ততার হার ১৮.২ শতাংশে পৌঁছেছে, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম সীমার চেয়ে অনেকটাই বেশি।

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্ক ৫০২ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে। বর্তমানে দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিস্তৃত প্রায় ৬,৪০০টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ব্যাঙ্কটি ৩.২ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা প্রদান করছে। প্রতিষ্ঠানে বর্তমানে কর্মীর সংখ্যা ৭৪,৫০০-এরও বেশি।

ব্যাঙ্কের দুর্দান্ত পারফরম্যান্স প্রসঙ্গে এমডি ও সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, আমাদের শক্তিশালী ভিত্তি, কর্মীদের নিষ্ঠা এবং গ্রাহকদের প্রগাঢ় আস্থাই এই সাফল্যের মূল চালিকাশক্তি। তিনি আরও জানান, প্রযুক্তিনির্ভর পরিষেবার সম্প্রসারণ, শাখা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা এবং নতুন আর্থিক পণ্য চালুর মাধ্যমে দীর্ঘমেয়াদি ও সুষম প্রবৃদ্ধির লক্ষ্যেই ব্যাঙ্ক এগিয়ে চলেছে। সেই সঙ্গে আগামী দিনে খুচরা ঋণ ব্যবসার প্রসারে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande