
নগাঁও (অসম), ২১ জুলাই (হি.স.) অসম সরকারের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান-এর অধীনে নগাঁও জেলার অন্তৰ্গত রূপহীহাট ও সামাগুড়ি বিধানসভা এলাকায় আয়োজিত দুটি বিশাল জনসভায় ৪৫ হাজারের বেশি মহিলা উপভোক্তার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন রাজ্যের কৃষি, সেচ ও সংসদীয় বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা।
অনুষ্ঠানে রূপহীহাটে ১৯,৮৪০ জন এবং সামাগুড়িতে ২৫,৬৫৮ জন মহিলা সুবিধাভোগিণীর হাতে আনুষ্ঠানিকভাবে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য পেশ করতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার দূরদর্শী চিন্তার ফসল এই যুগান্তকারী প্রকল্প দরিদ্র ও পশ্চাদপদ শ্রেণির মহিলাদের টেকসই জীবিকা গড়ে তুলতে এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান, নিযুত মইনা এবং অরুণোদয়-এর মতো জনকল্যাণমূলক প্রকল্প মহিলাদের বিনামূল্যে শিক্ষা, ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য প্রাথমিক মূলধন এবং প্রত্যক্ষ আর্থিক সহায়তা প্রদান করছে। এর ফলে মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের পথ সুগম হয়েছে।
মন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার কোনও ধরনের বৈষম্য ছাড়া সমাজের সব স্তরের মানুষের সমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সুবিধাভোগিণীদের প্রাথমিক ১০ হাজার টাকার সহায়তা যথাযথভাবে ব্যবহার করে নিজেদের ব্যবসা গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জানান, এই অর্থ সঠিকভাবে কাজে লাগাতে পারলে পরবর্তী পর্যায়ে ২৫ হাজার এবং ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা পাওয়ার যোগ্যতা অর্জন করা সম্ভব হবে।
বিশ্বের উন্নত দেশগুলিতে কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের উদাহরণ তুলে ধরে পীযূষ হাজরিকা অসমের মহিলাদের সরকারি প্রকল্পগুলির পূর্ণ সুযোগ গ্রহণ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে এবং রাজ্যের অর্থনীতিতে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানান।
নগাঁও লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে দ্রুত উন্নয়নের স্বার্থে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে সমর্থন করার আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি সরকারি প্রকল্পগুলির সর্বাধিক সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জন প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
এদিনের উভয় অনুষ্ঠানে বঢ়মপুরের বিধায়ক জিতু গোস্বামী, নগাঁওয়ের জেলাশাসক দেবাশিস শর্মা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস