
কলকাতা, ২১ জুলাই (হি.স.): কৃষ্ণনগরেই জন্ম তাঁর। তাই প্রতি বছর ৪ শ্রাবণ বিশেষ এই দিনটিতে কবি, নাট্যকার, গীতিকার ও প্রাবন্ধিক দ্বিজেন্দ্রলাল রায়কে ঘিরে আলাদা আবেগে ভাসে নদীয়ার সদর শহরটি। উল্লেখ্য, ১২৭০ বঙ্গাব্দের ৪ শ্রাবণ জন্মগ্রহণ করেছিলেন তিনি। সেই উপলক্ষে মঙ্গলবার কৃষ্ণনগর দ্বিজেন্দ্র স্মৃতি রক্ষা সমিতি, দ্বিজেন্দ্র পাঠাগার এবং রামকৃষ্ণ পাঠাগারের যৌথ উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সকালে কৃষ্ণনগর স্টেশন অ্যাপ্রোচ রোডে দ্বিজেন্দ্রলালের জন্মভিটেয় তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিকেলে কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় মূল স্মরণসভা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন দেবাশিস বিশ্বাস। অতিথিদের স্বাগত জানান সমিতির সম্পাদক ডাঃ বাসুদেব মণ্ডল। এই বছরের দ্বিজেন্দ্র স্মারক বক্তৃতা দেন নাট্য পরিচালক ও অভিনেতা সুশান্ত হালদার। দ্বিজেন্দ্রলালের সাহিত্য, নাট্যচিন্তা ও দেশাত্মবোধক গানের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন তিনি।
এই অনুষ্ঠানে ‘কথাশিল্প’-এর পড়ুয়ারা সমবেত আবৃত্তির মাধ্যমে তুলে ধরে দ্বিজেন্দ্রলালের কবিতা। সঙ্গীত পরিবেশন করেন সঙ্ঘমিত্রা সরকার, লাভলি রায়, ডাঃ সমরজিৎ দাস সহ একাধিক শিল্পী। অনুষ্ঠানের শেষ পর্বে কৃষ্ণনগর সেতু নাট্য সংস্থা পাঠাভিনয়ের মাধ্যমে মঞ্চস্থ করে দ্বিজেন্দ্রলালের নাটক ‘সাজাহান’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামকৃষ্ণ দে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত