
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার দিল্লির লোধি কলোনি এলাকায় আগুনে মৃত্যু হয়েছে মা ও দুই মেয়ের। মৃত্যুর আগে তাঁরা বলেন, দয়া করে দ্রুত সাহায্য পাঠান। মঙ্গলবার সকালে নিজ বাড়িতেই দুই মেয়ের সঙ্গে মর্মান্তিক মৃত্যু হয়েছে মায়ের। এদিন দিল্লির লোধি কলোনির একটি বাড়ির ওপরতলায় ভয়াবহ আগুন লাগে।
সকাল ১০.২১ মিনিটে দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) লোধি কলোনির বি কে দত্ত কলোনিতে অবস্থিত 'চাওলা সুইটস'-এর ঠিক উল্টো দিকের একটি বাড়িতে আগুন লাগার খবর পায়। ফোনের অপর প্রান্ত থেকে এক মহিলা বলেন : বাড়িতে আগুন লেগেছে... আমরা ভেতরে আটকে পড়েছি... দয়া করে দ্রুত সাহায্য পাঠান। কিছুক্ষণ পরই তাঁর কণ্ঠস্বর মিলিয়ে যায় এবং ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে দ্রুত পদক্ষেপ করে পুলিশ এবং দমকল বাহিনী। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বাহিনী এবং দমকলের দু’টি ইঞ্জিন। তিনটি অ্যাম্বুল্যান্সও পৌঁছয়। তবে, উদ্ধারকাজ শুরু হওয়ার আগেই পুরো বাড়িটি আগুনে ভস্মীভূত হয়েছিল। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারদিক। বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকেন দমকল কর্মীরা। ঘরের মধ্যে থেকে তিনজনের প্রায় সম্পূর্ণ দগ্ধ দেহ উদ্ধার করেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ