দিল্লি অভিযান স্থগিত করলেন পঞ্জাব-হরিয়ানার কৃষকরা, আটক কৃষকদের মুক্তির আশ্বাস
চণ্ডীগড়, ২১ জুলাই (হি.স.): প্রস্তাবিত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লি অভিযানের জন্য শম্ভু সীমান্তে জড়ো হওয়া পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা আপাতত আন্দোলন স্থগিত করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। শম্ভু ও খনৌরি সীমান্ত থেকে কৃষকরা ইতিমধ্যেই
দিল্লি অভিযান স্থগিত করলেন পঞ্জাব-হরিয়ানার কৃষকরা, আটক কৃষকদের মুক্তির আশ্বাস


চণ্ডীগড়, ২১ জুলাই (হি.স.): প্রস্তাবিত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লি অভিযানের জন্য শম্ভু সীমান্তে জড়ো হওয়া পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা আপাতত আন্দোলন স্থগিত করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। শম্ভু ও খনৌরি সীমান্ত থেকে কৃষকরা ইতিমধ্যেই ফিরতে শুরু করেছেন। দিনভর উত্তেজনার পর হরিয়ানার কৃষিমন্ত্রী শ্যাম সিং রাণার সঙ্গে বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ দাবিতে সম্মতি মেলার পরই কৃষক সংগঠনগুলি ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার শম্ভু সীমান্তে কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করেন হরিয়ানার কৃষিমন্ত্রী শ্যাম সিং রাণা। বৈঠকে কৃষকদের দুটি প্রধান দাবির বিষয়ে সমঝোতা হয়। কৃষিমন্ত্রী কৃষক প্রতিনিধিদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে আলোচনার ব্যবস্থা করার আশ্বাস দেন। পাশাপাশি, আটক কৃষক নেতা ও অন্যান্য কৃষকদের মুক্তি দেওয়ারও আশ্বাস দেওয়া হয়।

কৃষক নেতাদের দাবি, প্রস্তাবিত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কৃষক সংগঠন ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে আলোচনা আয়োজনের আশ্বাস দিয়েছে সরকার। এরপরই কৃষক সংগঠনগুলি ধরনা শেষ করে শম্ভু সীমান্ত খালি করার সিদ্ধান্ত নেয়।

পাটিয়ালা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে কৃষক সংগঠনগুলি হাইওয়ে খালি করে দেবে বলে জানিয়েছে। কৃষকরা ফিরে যাওয়ার পর শম্ভু সীমান্তে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় কিষাণ ইউনিয়ন শহিদ ভগত সিংয়ের মুখপাত্র তেজবীর সিং বলেন, সরকারের আশ্বাসের পর কৃষকরা শান্তিপূর্ণভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বক্তব্য, কোনও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে কৃষক ও কৃষিক্ষেত্রের স্বার্থ যেন উপেক্ষিত না হয়, সেটাই কৃষক সংগঠনগুলির দাবি।

এর আগে মঙ্গলবার সকালে পঞ্জাবের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক কৃষক দিল্লির কিষাণ ঘাটে প্রস্তাবিত মহাপঞ্চায়েতে যোগ দিতে রওনা হয়েছিলেন। ‘দেশ বাঁচাও মোর্চা’র ব্যানারে প্রস্তাবিত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে এই মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছিল।

কৃষকদের দিল্লি অভিযান ঘিরে শম্ভু সীমান্তে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় হাইওয়েতে যান চলাচল ব্যাহত হয় এবং সমস্যায় পড়েন যাত্রীরা। সরকারের সঙ্গে সমঝোতার পর এবার সীমান্ত এলাকা ছেড়ে ফিরছেন কৃষকরা।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande