
নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): আন্দোলনে অংশ নেওয়া তরুণদের বিরুদ্ধে কোনও ধরনের দণ্ডমূলক বা প্রতিশোধমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে না—সরকারের কাছ থেকে এমন স্পষ্ট আশ্বাস পেলেই অনশন ভাঙবেন বলে জানালেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ড. জিতেন্দ্র সিংকে চিঠি লিখেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে সেই চিঠি প্রকাশ করেছেন ওয়াংচুক।
চিঠিতে ওয়াংচুক লিখেছেন, “গত রাতে হাসপাতালে এসে আমার সঙ্গে দেখা করে অনশন প্রত্যাহারের আবেদন জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। আলোচনার সময় আপনারা আশ্বাস দিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে। পাশাপাশি, জবাবদিহি নিশ্চিত করতে সংসদে অর্থবহ আলোচনা হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টিও বিবেচনা করা হতে পারে।”
তিনি আরও লিখেছেন, “আমি সরকারের কাছে স্পষ্ট আশ্বাস চাইছি যে এই আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনও তরুণ আন্দোলনকারীর বিরুদ্ধে কোনও ধরনের দণ্ডমূলক বা প্রতিশোধমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তাঁদের একমাত্র ‘অপরাধ’ হল একটি ন্যায্য ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার দাবিতে আওয়াজ তোলা।”
ওয়াংচুক বলেন, এমন আশ্বাস দেওয়া হলে সরকারের কাছে বিশ্বাস রেখে তিনি অনশন প্রত্যাহার করবেন। তাঁর কথায়, “সরকার যদি এই আশ্বাস দেয়, তাহলে আমি বিশ্বাস নিয়ে অনশন ভাঙব যে সরকার শুধু আমার আবেদনই নয়, লক্ষ লক্ষ তরুণ ভারতীয়র আকাঙ্ক্ষার কথাও শুনেছে। কিন্তু এমন আশ্বাস না মিললে আমাকে অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যেতে হবে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, আন্দোলন দমাতে ভবিষ্যতে আর কোনও ধরনের অতিরিক্ত পুলিশি বলপ্রয়োগ করা হবে না।
ওয়াংচুকের দাবি, ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচি পুলিশের কথিত কঠোরতা ও বলপ্রয়োগ সত্ত্বেও সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। তাঁর আশা, আন্দোলনে অংশ নেওয়া কোনও ব্যক্তির বিরুদ্ধে মামলা, হয়রানি বা প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে না।
তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৬৫ জন সাংসদও তাঁকে চিঠি লিখে এবং ব্যক্তিগতভাবে দেখা করে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।
ওয়াংচুক বলেন, তিনি দেশ, পড়ুয়া এবং শিক্ষা ব্যবস্থার জন্য নিজের কাজ চালিয়ে যেতে চান। তবে যে তরুণদের জন্য এই আন্দোলন শুরু হয়েছে, তাঁদের মূল্য দিয়ে নয়। অন্যথায় তিনি অনির্দিষ্টকাল অনশন চালিয়ে যেতে বাধ্য হবেন বলে জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য