
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সংসদে নিট প্রশ্নপত্র ফাঁস ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। মঙ্গলবার সন্ধ্যায় নতুন দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, সরকার আলোচনার জন্য প্রস্তুত। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে জিতেন্দ্র সিং বলেন, সরকারের আশ্বাসের পরেও রাহুল গান্ধী নিট সংক্রান্ত বিষয়ে আলোচনার যে দাবি আগে করেছিলেন, তা থেকে সরে এসেছেন।
এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং দলের অন্যান্য সদস্যরা নিট ইস্যুতে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। লোক কল্যাণ মার্গে বিক্ষোভস্থলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাহুল গান্ধী তাঁদের জানান, সরকার যদি নিট ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংসদে আলোচনায় সম্মত হয়, তবে তিনি অবিলম্বে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেবেন। কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাতের পর ডঃ জিতেন্দ্র সিং জানান, সরকার এই বিষয়ে আলোচনার দাবি মেনে নিয়েছে।
তবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সরকারের অবস্থান কংগ্রেস নেতাকে জানানোর পর রাহুল গান্ধী তাঁর আগের অবস্থান থেকে সরে আসেন এবং আরও কিছু দাবি উত্থাপন করেন। জিতেন্দ্র সিং রাহুল গান্ধীর মতো একজন প্রবীণ নেতার এমন দ্রুত অবস্থান পরিবর্তনকে দুর্ভাগ্যজনক ও তাঁর মর্যাদাহানিকর বলে অভিহিত করেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে জানিয়েছেন, নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এর সঙ্গে জড়িত বলে প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ