
- পরিস্থিতি পর্যবেক্ষণে আগামীকাল নাজিরা সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা
নাজিরা (অসম), ২১ জুলাই (হি.স.) : আপার আসামে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। এরই মধ্যেই শিবসাগর জেলার অন্তর্গত নাজিরার বিহুবর এলাকা থেকে এসেছে এক মর্মান্তিক খবর। আকস্মিক বন্যার জলে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে আগামীকাল নাজিরা সফরে আসবেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ নেমে আসা প্রবল বন্যার জলে বিহুবরের নেপালিবস্তি এলাকার প্রায় ১০০টি বাড়ি ভেসে গেছে। মাত্র আধঘণ্টার মধ্যেই গোটা এলাকা তছনছ হয়ে পড়েছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত খবরে জানা গেছে, ভয়াবহ জলপ্রলয়ের পর প্রায় ৬০ জনের খোঁজ মিলছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও নিখোঁজের সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে তালাশি অভিযান চালিয়ে যাচ্ছে।
বন্যায় সর্বস্ব হারিয়ে চরম দুর্দশার মুখে পড়েছেন নেপালিবস্তি এবং সংলগ্ন আদিবাসী অধ্যুষিত এলাকার বাসিন্দারা। বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে, নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন বন্যার্ত গৃহহীনরা।
এদিকে, পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে আগামীকাল মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা নাজিরা সফরে আসবেন। শন্তক-বিহুবর এলাকা তাঁর পরিদর্শনের কথা। বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তিনি প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য নেবেন বলে জানা গেছে।
এদিকে আজ দিনভর নাজিরার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় গিয়ে বন্যার্ত মানুষজনকে ত্রাণ ও উদ্ধার করেছেন রাজ্যের মন্ত্রী বিমল বরা।
উল্লেখ্য, স্থানীয় সূত্রে নিখোঁজের সংখ্যা ও ক্ষয়ক্ষতির যে তথ্য পাওয়া গেছে, তা প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। উদ্ধার অভিযান চলমান থাকায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ ও নিখোঁজের সংখ্যা পরবর্তী সময়ে স্পষ্ট হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস