
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম এবং দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের সামনে বিরোধীদের ধর্নাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। ধর্নাস্থল থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী , সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী নেতা ও কর্মীকে আটক করে দিল্লি পুলিশ।
প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে জড়ো হয়ে বিরোধী নেতারা ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপ, পরীক্ষাব্যবস্থায় অনিয়ম এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর একাধিক বিরোধী নেতাকে আটক করা হয়।
আটকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে পুলিশ বাসে করে মডেল টাউনের ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যায়। আটক হওয়ার প্রায় ৪০ মিনিট পরও তাঁকে পুলিশ বাসের ভিতরে দেখা যায়। আটক বিরোধী নেতাদের নিয়ে যাওয়া বাসগুলিও পরে ছত্রসাল স্টেডিয়ামে পৌঁছয়।
প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, আটক অন্যান্য সাংসদদের কিংসওয়ে এলাকায় রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের আটক করার খবর ছড়িয়ে পড়তেই বিরোধী নেতা ও কংগ্রেস কর্মীরা মন্দির মার্গ থানার বাইরে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন।
কংগ্রেসের অভিযোগ, ছাত্রদের ভবিষ্যৎ ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন বিরোধী নেতারা। তাঁদের উপর পুলিশি পদক্ষেপ গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ বলে দাবি কংগ্রেসের।
ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে শুরু করেছে। আটক নেতাদের মুক্তির দাবিতে কংগ্রেস কর্মীরা প্রতিবাদে নামার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও বিক্ষোভ শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য