
বানারহাট, ২৩ জুলাই (হি. স.): ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে কয়েক দিন ধরে আতঙ্কের কারণ হয়ে ওঠা একটি পূর্ণবয়স্ক চিতাবাঘকে অবশেষে খাঁচাবন্দি করল বন দফতর। বৃহস্পতিবার ভোরে বাগানের ১১ নম্বর সেকশনের পাম্প হাউস সংলগ্ন এলাকায় বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ে চিতাবাঘটি। এরপর থেকেই এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে আসে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে চা বাগানে চিতাবাঘের আনাগোনা দেখা যাচ্ছিল। মাঝে মধ্যেই ছাগল ও গরু নিখোঁজ হওয়ার অভিযোগ উঠছিল। ফলে চা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবারের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড বুধবার পাম্প হাউসের কাছে একটি খাঁচা পেতে তার মধ্যে ছাগলকে টোপ হিসেবে রাখে।বৃহস্পতিবার ভোরে শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনে ঘটনাস্থলে পৌঁছে দেখেন, পূর্ণবয়স্ক চিতাবাঘটি খাঁচার মধ্যে আটকা পড়েছে। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই সকাল থেকে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। মহিলা, পুরুষ থেকে শুরু করে স্কুলপড়ুয়া—সকলেই মোবাইল ফোনে চিতাবাঘটির ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন।বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার সঙ্গে চিতাবাঘটিকে উদ্ধার করেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত বনাঞ্চলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। চিতাবাঘটি ধরা পড়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গয়েরকাটা চা বাগানের শ্রমিকরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়