
কলকাতা, ২৩ জুলাই (হি. স.) : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মুখোমুখি হলেন কামারহাটির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ প্রয়োজনীয় ব্যাংক সংক্রান্ত নথিপত্র সঙ্গে নিয়ে সল্টলেকের সিজিএইচও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তিনি।
নিয়োগ দুর্নীতির তদন্তে সম্প্রতি মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র এবং দুই ছেলে শুভরূপ ও স্বরূপ মিত্রকে ভিন্ন ভিন্ন দিনে তলব করে ইডি। বুধবার ছোট ছেলে শুভরূপ মিত্রকে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আর শুক্রবার মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডি দফতরে ঢোকার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বরূপ মিত্র জানান, কেন্দ্রীয় সংস্থা থেকে তাঁর ব্যাংকের লেনদেনের নথি চাওয়া হয়েছিল এবং তিনি সেই সমস্ত কাগজপত্র নিয়েই এসেছেন। তাঁর দাবি, তাঁর ব্যাংকের অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক বা বেআইনি লেনদেন হয়নি। তিনি ২০১৩-১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যাবতীয় ব্যাংক রেকর্ড এবং আয়কর রিটার্নের নথি জমা দিচ্ছেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানান। তবে রাজনীতি সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি অস্বীকার করেন।
উল্লেখ্য, সম্প্রতি দলীয় রাজনীতিতে মদন মিত্রের ভূমিকা ঘিরে নানা জল্পনা তৈরি হলেও সে বিষয়ে মুখ খোলেননি স্বরূপ। ইডির অভিযোগ, টিটাগড় পুরসভায় প্রায় ১২৫ জনকে নগদ টাকা বা সোনার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। এই ঘটনার তদন্ত সূত্রেই মদন মিত্রের নাম সামনে আসে। এর আগে ১৩ জুন মদন মিত্রের একাধিক আশ্রমে তল্লাশি চালিয়েছিল ইডি এবং তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার তাঁর পরিবারের সদস্যদের সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি