
ক্যানিং, ২৬ জুলাই (হি. স.): গত ২১ শে জুলাই বাসন্তী থেকে কলকাতায় শহীদ দিবসের কর্মসূচিতে যাওয়ার সময় ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় কংগ্রেস কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তাঁদের গাড়িতে হামলার পাশাপাশি ক্যানিং স্টেশনেও কংগ্রেস কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মারধর, হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে রবিবার বিকেলে ক্যানিং থানার মোড় থেকে ক্যানিং অটোস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন কংগ্রেস কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেসের নেতা তপন মণ্ডলের নেতৃত্বে এদিনের প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। তপন বলেন, “ কেন্দ্রে ও রাজ্যে বিজেপি পরিকল্পিত ভাবে কংগ্রেসের উপর হামলা করছে। ক্যানিংয়ে বিজেপির দুষ্কৃতিরা গত ২১ শে জুলাই আমাদের কর্মীদের উপর হামলা করে। ওদিকে দিল্লিতে আমাদের নেতা রাহুল গান্ধীর উপর হামলা হয়েছে। এর প্রতিবাদেই আমরা রাস্তায় নেমেছি।”
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা