
মুর্শিদাবাদ, ২৬ জুলাই (হি.স.): রান্নার সময় ঘটে গেল ভয়াবহ বিপর্যয়! গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ঘোষপাড়া এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
রবিবার স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে গ্রামের একটি পরিবারের রান্না হচ্ছিল। সেই সময়েই আচমকা গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তারা জল দিয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন| খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই ঘরের ভেতরের সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ