
নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): ইউক্রেনের ওডেসা বন্দরে হামলার মুখে পড়া ভারতীয় বাণিজ্যিক জাহাজটিতে থাকা দু’জন ভারতীয় নাগরিক সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। তবে বাকি দু’জন ভারতীয় সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি বলে দাবি। শনিবার রাতে একটি হামলায় ‘এমভি এজিএন রাগনার’ নামের ওই পণ্যবাহী জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। রবিবার ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে নিশ্চিত করেছে, নিখোঁজ দুই ভারতীয় নাবিকের খোঁজে স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। বাকি দু’জনের পরিস্থিতি ও অবস্থান জানতে দূতাবাস সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ রাখছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ওডেসা বন্দরটি বারবার আক্রমণের শিকার হয়েছে। এর আগেও গত ১৯ জুলাই ওডেসা বন্দরে অন্য একটি জাহাজে হামলায় চার জন ভারতীয় নাবিক নিহত হন। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ‘এমভি এজিএন রাগনার’ নামের জাহাজটিতে চারজন ভারতীয় নাগরিক ছিলেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দু'জনের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং বাকি দু'জনের বিষয়ে তথ্যের অপেক্ষা করা হচ্ছে। অনুসন্ধান ও উদ্ধারকাজ চলছে। দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ