
আগরতলা, ২৬ জুলাই (হি.স.) : কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশের মানুষকে এক সূত্রে গেঁথে রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্তের ইতিবাচক ও প্রেরণাদায়ক ঘটনাকে তুলে ধরে এই অনুষ্ঠান জাতীয় ঐক্য ও সামাজিক চেতনাকে আরও সুদৃঢ় করেছে। রবিবার বড়জলায় আয়োজিত ‘মন কি বাত’ শ্রবণ অনুষ্ঠানে এভাবেই মন্তব্য করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়।
জুলাই মাসের শেষ রবিবার উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরার বিভিন্ন প্রান্তেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়। বড়জলা মণ্ডল কমিটির উদ্যোগে ৩১ নম্বর বুথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস, প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত সকলে একসঙ্গে প্রধানমন্ত্রীর ভাষণ শ্রবণ করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দেবরায় বলেন, ‘মন কি বাত’ আজ একটি সর্বভারতীয় গণ-আন্দোলনের রূপ নিয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তের মানুষ এই অনুষ্ঠান আগ্রহের সঙ্গে শোনেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের অসাধারণ উদ্যোগ, সামাজিক উন্নয়ন, উদ্ভাবনী চিন্তা, পরিবেশ সংরক্ষণ, নারী ক্ষমতায়ন, যুব সমাজের সাফল্য এবং জাতীয় স্বার্থে উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুলে ধরেন। এর মাধ্যমে মানুষ একদিকে যেমন দেশের ইতিবাচক পরিবর্তনের খবর জানতে পারেন, অন্যদিকে সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণাও লাভ করেন।
এদিকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার বিধানসভা কেন্দ্র ৮ টাউন বড়দোয়ালীর অন্তর্গত ৪৯ নম্বর বুথেও মণ্ডল কমিটির উদ্যোগে ‘মন কি বাত’ অনুষ্ঠান শ্রবণের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মণ্ডল সভাপতি, স্থানীয় কর্পোরেটর এবং বিজেপি-র অন্যান্য পদাধিকারী ও কর্মীরা।
অনুষ্ঠান শেষে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর মাধ্যমে দেশের উন্নয়ন, আত্মনির্ভর ভারত গঠন, সামাজিক সচেতনতা এবং সাধারণ মানুষের সাফল্যের কাহিনি তুলে ধরেন। এসব বিষয় দেশের প্রতিটি নাগরিকের জানা প্রয়োজন। সেই উদ্দেশ্যেই দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ একত্রিত হয়ে এই অনুষ্ঠান শ্রবণ করেন।
শুধু রাজধানী নয়, রবিবার রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমাতেও সংশ্লিষ্ট বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়। প্রতিটি অনুষ্ঠানেই স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, ‘মন কি বাত’ শুধু একটি রেডিও অনুষ্ঠান নয়, বরং দেশবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর এক আন্তরিক সংযোগের মাধ্যম, যা জাতীয় ঐক্য, সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ