
জয়সলমের, ২৭ জুলাই (হি.স.): রবিবার রাতে রাজস্থানের জয়সলমের জেলায় এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায়। একটি জলের ট্যাঙ্ক থেকে একই পরিবারের চার সদস্যের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে যশরাজ নামে পরিবারের এক সদস্যকে জলের ট্যাঙ্কের ভেতরে ঝাঁপ দিতে দেখেন তাঁরই এক দাদা। যশরাজকে এমন অবস্থায় দেখতে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন। তাঁর আর্তনাদ শুনে মুহূর্তের মধ্যে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। গ্রামবাসীরা যশরাজকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালান, কিন্তু ট্যাঙ্কের গভীরতা এবং পারিপার্শ্বিক প্রতিকূল পরিস্থিতির কারণে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তারপরেই একে একে পরিবারের চার সদস্যের দেহ উদ্ধার করে ট্যাঙ্কের বাইরে নিয়ে আসা হয়। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ