জঙ্গিপুর পুরসভায় তৃণমূলে ধাক্কা, অপসারিত চেয়ারম্যান মফিজুল ইসলাম
মুর্শিদাবাদ, ২৭ জুলাই (হি.স.): মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুরসভায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বড়সড় রাজনৈতিক ধাক্কা। অনাস্থা প্রস্তাবের পর অপসারিত হতে হলো পুরপ্রধান (চেয়ারম্যান) মফিজুল ইসলামকে। সূত্রের খবর, সোমবার ভোটাভুটি শুরুর আগেই তিন
জঙ্গিপুর পুরসভায় তৃণমূলে ধাক্কা, অপসারিত চেয়ারম্যান মফিজুল ইসলাম


মুর্শিদাবাদ, ২৭ জুলাই (হি.স.): মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুরসভায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বড়সড় রাজনৈতিক ধাক্কা। অনাস্থা প্রস্তাবের পর অপসারিত হতে হলো পুরপ্রধান (চেয়ারম্যান) মফিজুল ইসলামকে। সূত্রের খবর, সোমবার ভোটাভুটি শুরুর আগেই তিনি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। এর ফলে জঙ্গিপুর পুরসভার বোর্ড কার্যত ভেঙে গেল।

তথ্য অনুযায়ী, কয়েক দিন আগে ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর নেতৃত্বে ১১ জন কাউন্সিলর মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে মহকুমা শাসকের (এসডিও) দফতরে জমা দিয়েছিলেন। এর পর সোমবার সেই প্রস্তাবের পর্যালোচনার জন্য এক বিশেষ বৈঠক ডাকা হয়।

উক্ত বৈঠকে চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ১৫ জন কাউন্সিলর, সিপিআইএম-এর ৩ জন এবং কংগ্রেসের ১ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। বিজেপির কোনো কাউন্সিলর এই বৈঠকে উপস্থিত ছিলেন না। ভোটাভুটির পর তাঁকে চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হয়।

উল্লেখ্য, জঙ্গিপুর পুরসভায় মোট ২১টি ওয়ার্ড রয়েছে। বিগত পুরভোটে তৃণমূল কংগ্রেস ১৫টি, সিপিআইএম ৩টি, কংগ্রেস ২টি এবং বিজেপি ১টি আসনে জয়লাভ করেছিল। পরবর্তীকালে বিরোধী শিবিরের এক কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূল এককভাবে পুরবোর্ড গঠন করে এবং মফিজুল ইসলামকে পুরপ্রধান ও সন্তোষ চৌধুরীকে উপ-পুরপ্রধান নির্বাচিত করা হয়।

তবে সময়ের সঙ্গে সঙ্গে চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন সন্তোষ চৌধুরী। অবশেষে তাঁর নেতৃত্বেই এই অনাস্থা প্রস্তাব আনা হয় এবং মফিজুল ইসলামকে পদ ছাড়তে হলো।

সূত্রের খবর, আগামী নভেম্বর মাসে রাজ্যে পুর নির্বাচন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় জঙ্গিপুর পুরসভায় দ্রুত কোনো প্রশাসক নিয়োগ করা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande