
বাঁকুড়া , ২৭ জুলাই (হি.স.): গো-মাতাকে রক্ষা ও গো-হত্যা বন্ধের দাবিতে সোচ্চার হলো বাঁকুড়া। সারা দেশজুড়ে পালিত ‘গো-সম্মান দিবস’ উপলক্ষে সোমবার সকালে কয়েক হাজার হিন্দু নর-নারী মিছিলে অংশ নিয়ে গো-হত্যা বন্ধের দাবিতে সরব হন।
এদিন সকাল থেকেই হিন্দু হাইস্কুলের মাঠে দলে দলে মানুষ জড়ো হতে থাকেন। সেখানে গো-মাতার পূজা এবং ভজন-কীর্তনের পর একটি সুবিশাল মিছিল বের হয়। মিছিল শেষে রাষ্ট্রপতির উদ্দেশ্যে পাঠানো গণস্বাক্ষর সংবলিত একটি স্মারকপত্র বাঁকুড়ার জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়।
উদ্যোক্তাদের পক্ষে মোহিত শর্মা জানান, গত পক্ষকাল ধরে প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে গো-মাতা রক্ষা ও গো-হত্যা বন্ধের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল। সারা দেশের প্রতিটি জেলা সদরেই মিছিল করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে এই সংগৃহীত গণস্বাক্ষর প্রদান করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে এদিন বাঁকুড়ার জেলাশাসকের হাতেও এই স্মারকপত্র ও গণস্বাক্ষর তুলে দেওয়া হলো।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট