
গোসাবা, ২৭ জুলাই (হি.স.): দীর্ঘদিন পালিয়ে থাকার পর গত ১৬ জুলাই জীবনতলা থানার পুলিশের হাতে ধরা পড়েছিলেন গোসাবার দাপুটে তৃণমূল নেতা সুবিদ আলি ঢালী ওরফে ঝোড়ো ঢালী। সেই সময় তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এরপর একাধিকবার তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত চালানো হচ্ছে। বর্তমানে গোসাবা থানার পুলিশের হেফাজতে রয়েছেন এই তৃণমূল নেতা।
গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি এই ঝোড়ো ঢালীকে সঙ্গে নিয়ে রবিবার রাতে ফের তল্লাশি চালায় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের পর তাঁর নিজের বাড়ির কাছে থাকা একটি পুকুর থেকে একটি লম্বা বন্দুক, একটি ছোট বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। সোমবার তাঁকে পুনরায় আলিপুর আদালতে তোলা হয়েছে। তাঁকে ফের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার আরও বিস্তারিত তদন্ত করতে চাইছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা