ডিজিপি-র মৃত্যু ইস্যুতে সরকারে আস্থা রেখে বিজেপি-র দাবি স্বাধীন তদন্তেই সামনে আসবে সত্য
আগরতলা, ২৭ জুলাই (হি.স.) : ত্রিপুরা পুলিশ মহানির্দেশকের (ডিজিপি) অস্বাভাবিক মৃত্যু ঘিরে রাজ্যে রাজনৈতিক বিতর্কের আবহে সরকার ও মুখ্যমন্ত্রীর অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানাল শাসক দল বিজেপি। সোমবার রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে
বিজেপির সাংবাদিক সম্মেলন


আগরতলা, ২৭ জুলাই (হি.স.) : ত্রিপুরা পুলিশ মহানির্দেশকের (ডিজিপি) অস্বাভাবিক মৃত্যু ঘিরে রাজ্যে রাজনৈতিক বিতর্কের আবহে সরকার ও মুখ্যমন্ত্রীর অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানাল শাসক দল বিজেপি। সোমবার রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের বিধায়ক রঞ্জিত দাস দাবি করেন, সরকার ইতিমধ্যেই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য কমিটি গঠন করেছে এবং সেই তদন্ত সম্পূর্ণ স্বাধীনভাবেই চলছে। তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য সামনে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ডিজিপি-র অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উচ্চ আদালতের কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবিতে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সিপিআই(এম) এবং তাদের পরিষদীয় দল ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দিয়েছে। একই দাবিতে কংগ্রেসও সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে।

এই প্রেক্ষাপটে সাংবাদিক সম্মেলনে রঞ্জিত দাস বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ডিজিপি-র মৃত্যু নিয়ে বিরোধী দলগুলি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এবং রাজ্যবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তাঁর বক্তব্য, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাঁরা স্বাধীনভাবে কাজ করছে। তদন্ত শেষ হলে সমস্ত সত্য প্রকাশ্যে আসবে।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের কোনও কিছু আড়াল করার মানসিকতা নেই। সরকারের যথেষ্ট সদিচ্ছা এবং নৈতিক সাহস রয়েছে বলেই নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনও দুর্নীতি, অপশাসন বা ন্যাক্কারজনক ঘটনার ক্ষেত্রে বর্তমান সরকার কখনও আপস করে না বলেও দাবি করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যেরও সমালোচনা করেন রঞ্জিত দাস। বিশেষ করে দক্ষিণ জেলার পুলিশ সুপারের সঙ্গে বিরোধী দলনেতার সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন বিরোধীদের রাজনৈতিক অবস্থান নিয়ে। পাশাপাশি বামফ্রন্ট সরকারের আমলে জিতেন্দ্র চৌধুরীর বিভিন্ন কর্মকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

একইসঙ্গে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের অতীত রাজনৈতিক ভূমিকা ও বিভিন্ন কার্যকলাপের উল্লেখ করে বিজেপি বিধায়ক দাবি করেন, আজ যাঁরা সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, তাঁদের নিজেদের অতীতও জনসমক্ষে রয়েছে। তাই ডিজিপি মৃত্যু ইস্যুতে অযথা বিভ্রান্তি না ছড়িয়ে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক মহলের মতে, ডিজিপি-র অস্বাভাবিক মৃত্যু ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। একদিকে বিরোধীরা বিচারবিভাগীয় তত্ত্বাবধানে তদন্তের দাবি জোরদার করছে, অন্যদিকে বিজেপি সরকার পরিচালিত তদন্তের উপর পূর্ণ আস্থা প্রকাশ করে বিরোধীদের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই তুলে ধরছে। ফলে আগামী দিনে এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande