
কলকাতা, ২৭ জুলাই (হি.স.): সোমবার কলকাতার পার্ক স্ট্রিট উড়ালপুলের কাছে একটি বস্তা পড়ে থাকতে দেখে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। বস্তার ভেতরে কোনও ব্যক্তির দেহ থাকতে পারে সন্দেহে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে জানা যায়, একটি সারমেয়র আধপচা দেহ বস্তায় ভরে কেউ বা কারা ফেলে গিয়েছে সেখানে।
জানা গেছে, সোমবার দুপুরে পার্ক স্ট্রিট উড়ালপুলের সামনে দড়ি দিয়ে বাঁধা একটি বস্তা দেখতে পান পথচলতি মানুষ। বস্তাটির আকৃতি এবং গঠন দেখে অনেকেরই সন্দেহ হয় যে, তার ভেতরে কোনও মানুষের দেহ রয়েছে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে কৌতূহলীদের ভিড় জমে যায়। এলাকায় আতঙ্কও ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘিরে ফেলা হয় এলাকা। বস্তা খুলে দেখা যায়, সেটি একটি কুকুরের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই দেহটি পোষা সারমেয়র। কেউ বা কারা বস্তায় ভরে ফেলে গিয়েছে সেখানে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ