(আপডেট) উত্তর ২৪ পরগণায় বাজেয়াপ্ত বাজি গুদামে বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
কলকাতা, ২৮ জুলাই (হি.স.) : উত্তর ২৪ পরগণা জেলার নীলগঞ্জ থানা এলাকার নারায়ণপুরে মঙ্গলবার সকালে পুলিশের বাজেয়াপ্ত করা বাজি ও বারুদের গুদামে হঠাৎ আগুন লেগে তীব্র বিস্ফোরণ ঘটে। পর পর বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে পুলিশ


কলকাতা, ২৮ জুলাই (হি.স.) : উত্তর ২৪ পরগণা জেলার নীলগঞ্জ থানা এলাকার নারায়ণপুরে মঙ্গলবার সকালে পুলিশের বাজেয়াপ্ত করা বাজি ও বারুদের গুদামে হঠাৎ আগুন লেগে তীব্র বিস্ফোরণ ঘটে। পর পর বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ বাজি ও বারুদ উদ্ধার করেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজেয়াপ্ত করা বিস্ফোরক নিয়ম মেনে নিষ্ক্রিয় না করে একটি গুদামে জমিয়ে রাখা হয়েছিল। শুধু তাই নয়, গুদামের বাইরে একটি ড্রামেও বারুদ রাখা ছিল।

মঙ্গলবার সকালে হঠাৎই ওই গুদামে আগুন লেগে যায়। এর পরপরই একের পর এক বাজি ফাটতে শুরু করে। বিকট শব্দ ও কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আতঙ্কে মানুষজন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি শুরু করেন।

জানা গিয়েছে, যে গুদামটিতে বিস্ফোরণ ঘটে, তার দ্বিতীয় তলায় একটি পরিবার বসবাস করত। বিস্ফোরণের শব্দ শুনেই পরিবারের সদস্যরা দ্রুত নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। ঘন ঘন বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে আশপাশের বাসিন্দারাও ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জনবহুল এলাকায় এত বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত রাখা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, বাজেয়াপ্ত করা বিস্ফোরক দ্রুত ও নিরাপদে নিষ্ক্রিয় করা উচিত ছিল।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande