কংসাবতীতে মৃত দুই কিশোরের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ
ঝাড়গ্রাম, ২৮ জুলাই (হি.স.): কংসাবতী নদীতে জলে ডুবে মৃত্যু হওয়া দুই কিশোরের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন। মর্মান্তিক ওই ঘটনার প্রায় তিন মাস পর মঙ্গলবার বিনপুর-১ ব্লকের বাঁন্দরবনি গ্রামে নিহত দুই কিশোরের পরিবারের হাতে চার লক্ষ টাকা করে আর্থিক ক্ষত
কংসাবতীতে মৃত দুই কিশোরের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ


ঝাড়গ্রাম, ২৮ জুলাই (হি.স.): কংসাবতী নদীতে জলে ডুবে মৃত্যু হওয়া দুই কিশোরের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন। মর্মান্তিক ওই ঘটনার প্রায় তিন মাস পর মঙ্গলবার বিনপুর-১ ব্লকের বাঁন্দরবনি গ্রামে নিহত দুই কিশোরের পরিবারের হাতে চার লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

এদিন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ওই চেক তুলে দেন। উপস্থিত ছিলেন বিনপুর-১ ব্লকের বিডিও বিদ্যুৎ কুমার মাঝি-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

উল্লেখ্য, গত ১৩ মে বিকেলে বন্ধুদের সঙ্গে কংসাবতী নদীতে স্নান করতে নেমেছিল তিন কিশোর। স্নানের সময় আচমকাই নদীর স্রোতে তলিয়ে যায় বিধান সিংহদেব (১৪) ও দেবেশ মাহাত (১৩)। তাঁদের সঙ্গে থাকা অপর বন্ধু চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামেন। পরে খবর পেয়ে বিনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সহযোগিতায় তল্লাশি চালিয়ে দুই কিশোরকে উদ্ধার করে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল।

মর্মান্তিক ওই ঘটনার তিন মাস পর মৃত দুই কিশোরের পরিবারের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এদিন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী নিহত দুই কিশোরের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে রাজ্য সরকার তাঁদের পরিবারের পাশে রয়েছে।”

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande