
কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : ইডেন গার্ডেন্সের ইন্ডোর অনুশীলন কেন্দ্রে মঙ্গলবার শুরু হয়েছে বাংলা অনূর্ধ্ব-২৩ পুরুষ দলের প্রাক্ মরসুম প্রস্তুতির আর এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ঘাম ঝরিয়ে নিজেদের ঝালিয়ে নিতে দেখা গেল তরুণ ক্রিকেটারদের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং - প্রতিটি বিভাগেই ছিল নিবিড় অনুশীলন। ফিটনেস এবং ম্যাচ পরিস্থিতির প্রস্তুতিতেও বিশেষ জোর দেন কোচিং এবং সাপোর্ট স্টাফ।
পুরো অনুশীলন পর্বে এদিন নিবিড় নজর রাখেন দলের প্রধান কোচ ঋদ্ধিমান সাহা। ভারতের প্রাক্তন উইকেট রক্ষক-ব্যাটিংয়ের অভিজ্ঞতা ও পরামর্শে ক্রিকেটারদের বাড়তি উৎসাহ চোখে পড়ে। এর পাশাপাশি ডেপুটি কোচ সাবির আলিও প্রতিটি সেশনে ক্রিকেটারদের খুঁটিনাটি বিষয় নিয়ে নির্দেশ দেন। কারও ব্যাটিং কৌশল, কারও বোলিং অ্যাকশন, আবার কারও ফিল্ডিং দক্ষতা - প্রতিটি দিকেই কড়া নজর ছিল সংশ্লিষ্ট কোচদের সতর্ক দৃষ্টি।
প্রসঙ্গতঃ আসন্ন মরসুমকে সামনে রেখে দলের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ বাংলা শিবির। অনুশীলনের প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছে ক্রিকেটারদের একাগ্রতা, পরিশ্রম এবং নিজেদের সেরাটা তুলে ধরার তাগিদ। ইডেনের ইন্ডোরে মঙ্গলবারের এই প্রাক্-মরসুম অনুশীলন সেই প্রস্তুতিরই এক তাৎপর্যপূর্ণ ছবি তুলে ধরল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত