
নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে আগামী ৫-৬ দিন মুষলধারে বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) সূত্রে জানা গেছে, দিল্লি-এনসিআরে বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে বিভিন্ন স্থানে হালকা এবং কিছু এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতেও বৃষ্টির সম্ভাবনা আছে। ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ওড়িশার অভ্যন্তরীণ অঞ্চল এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় তৈরি গভীর নিম্নচাপের প্রভাবে ছত্তিশগড় ও পূর্ব মধ্যপ্রদেশে বুধবার, পশ্চিম মধ্যপ্রদেশে বৃহস্পতিবার এবং গুজরাটের কিছু অঞ্চলে শুক্রবার অতি ভারী বৃষ্টির (২১ সেন্টিমিটার পর্যন্ত) সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্য অঞ্চল, পূর্ব অঞ্চল, উত্তর-পূর্ব অঞ্চল, পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে আগামী ৫-৬ দিনের মধ্যে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে কিছু এলাকায় বন্যার সম্ভাবনা রয়েছে। এর ফলে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ওড়িশা ও উত্তরাখণ্ডে অত্যন্ত ভারী বৃষ্টি (২১ সেমি), ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, পূর্ব মধ্যপ্রদেশ, কোঙ্কন, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টি (১২-২০ সেমি) এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হরিয়ানা, রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, অসম, কর্ণাটকের উপকূল অঞ্চল ও তেলেঙ্গানায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) রেকর্ড করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ