
ভুবনেশ্বর, ২৮ জুলাই (হি.স.): গত ২৪ ঘণ্টায় নিম্নচাপের জেরে ওড়িশার একাধিক জেলায় অব্যাহত রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ভারতীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, একটানা বর্ষণে রাজ্যের বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভুবনেশ্বরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বালেশ্বর জেলায়। এছাড়াও, নীলগিরিতে ২৩৯ মিমি, জাজপুরে ২৩৬.৮ মিমি এবং রেমুনায় ২২২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও ময়ূরভঞ্জ, কেওনঝর এবং সুন্দরগড় জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর রাজ্যের ৫টি স্থানকে 'অত্যন্ত ভারী', ২৪টি স্থানকে 'খুব ভারী' এবং ৬০টি স্থানকে 'ভারী' বৃষ্টিপাতের অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে।
আবহবিদদের মতে, একটি গভীর নিম্নচাপ ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে স্থলভাগের দিকে অগ্রসর হওয়ার ফলেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। বালেশ্বর জেলার জলকা নদীর জল বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর জেরে বাস্তা এবং সদর ব্লকের কয়েকশো হেক্টর কৃষি জমি ডুবে গেছে। বালেশ্বর শহর-সহ বিভিন্ন জেলার নিচু এলাকাগুলোতে জল জমে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আরও বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ