
মুর্শিদাবাদ, ২৮ জুলাই (হি.স.) : বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ ফেনসিডিলের বোতল উদ্ধার করল মুর্শিদাবাদ জেলার সুতি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে সুতি থানার অন্তর্গত নূরপুর কাঁঠালতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় ৩০০ বোতল ফেনসিডিলের বোতল বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় মাইমুল হক নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার শিরকুণ্ডা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতলগুলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ