
কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : ১০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে পূর্ব ভারতের প্রথম আচার্য জগদীশ চন্দ্র বসু (জে সি বোস) সেমিকন্ডাক্টর সেন্টার অফ এক্সেলেন্স গড়ে তোলার অঙ্গীকার ও তা রূপায়নে সচেষ্ট অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার কলকাতার এক অনুষ্ঠানে এই ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আচার্য অধ্যাপক (ড.) সমিত রায় এই প্রসঙ্গে জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যেই মোট ছয়টি উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এদিনের অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষ মানবসম্পদের চাহিদা পূরণের লক্ষ্যেই আগামী ৫ বছরে ১০ কোটি টাকা বিনিয়োগের কথা সরকারি ভাবেই ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য ড. সুরঞ্জন দাস, ভিএলএসআই সোসাইটি অফ ইন্ডিয়ার সভাপতি ড. সত্য গুপ্ত, এইচসিএলটেকের এভিপি (ইঞ্জিনিয়ারিং আর অ্যান্ড ডি সার্ভিসেস) বিশ্বদীপ চট্টোপাধ্যায় এবং এম৩১ টেকনোলজির ভাইস প্রেসিডেন্ট (টেকনিক্যাল মার্কেটিং) জয়ন্ত লাহিড়ী প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত