
জলপাইগুড়ি, ২৮ জুলাই (হি.স.): ফুলবাড়ি-গজলডোবা তিস্তা ক্যানেল রোডে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম সৌম্যদীপ মণ্ডল (২৫), তিনি ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা। মঙ্গলবার মৃতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার অন্যান্য দিনের মতোই তিনি ফুলবাড়ি বাজারের একটি মোটর পার্টসের দোকানে কাজে গিয়েছিলেন। দোকানের মালিক তাঁকে পুটিমারি এলাকার একটি শোরুম থেকে কিছু জিনিসপত্র আনতে পাঠান। মালিকের স্কুটার নিয়ে যান সৌম্যদীপ। যাওয়ার সময় তিস্তা ক্যানেল রোডের পুটিমারি এলাকায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাঁর স্কুটারের ধাক্কা লাগে। দুর্ঘটনায় গুরুতর আহত হন সৌম্যদীপ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত হবে তাঁর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ