
আগরতলা, ২৮ জুলাই (হি.স.) : একদিকে টানা বর্ষণে চারদিক জলমগ্ন, অন্যদিকে পানীয় জলের তীব্র সংকটে দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। ডিডব্লিউএস দফতরের চরম গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েছেন জিরানিয়া মহকুমার মান্দাই ব্লকের অন্তর্গত মাধবপাড়া এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় পানীয় জল সরবরাহের জন্য পাম্প থাকলেও তা নিয়মিত চালু করা হয় না। প্রায় দুই মাস ধরে পাম্প অপারেটরের কর্তব্যে গাফিলতির কারণে স্বাভাবিক জল সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। ফলে প্রতিদিন পানীয় জল সংগ্রহ করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শতাধিক পরিবার।
বাসিন্দাদের আরও অভিযোগ, সমস্যার কথা জানিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দফতর এবং প্রশাসনের দ্বারস্থ হলেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝে মধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ট্যাংকারে করে একদিন জল সরবরাহ করা হলেও এরপর টানা সাত-আট দিন আর কোনও জল দেওয়া হয় না। ফলে সামান্য পানীয় জল সংগ্রহ করতেও অনেক দূরে যেতে হচ্ছে গ্রামবাসীদের।
মঙ্গলবার ক্ষুব্ধ এলাকাবাসী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অবিলম্বে নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। তাঁদের বক্তব্য, বর্ষাকালেও যদি পানীয় জলের জন্য এমন দুর্ভোগ পোহাতে হয়, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়বে।
গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট পানীয় জল প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচিও গ্রহণ করা হবে বলে জানান তাঁরা।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে পাম্প অপারেটরের দায়িত্বজ্ঞানহীনতার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী দিনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ