
কলকাতা, ৬ জুলাই (হি. স.) : বিদ্যুৎ ও পরিকাঠামো ক্ষেত্রের সংস্থা লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা লিমিটেডের প্রাথমিক শেয়ার বিক্রি (আইপিও) আগামী ৯ জুলাই খুলছে। সংস্থার তরফে সোমবার জানানো হয়েছে যে, এই ইস্যুর মূল্যব্যান্ড নির্ধারণ করা হয়েছে শেয়ার পিছু ২০৩ থেকে ২১৪ টাকা। অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য বিডের দিন ৮ জুলাই। সাধারণ বিনিয়োগকারীরা ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, ন্যূনতম ৭০টি শেয়ার এবং তারপর ৭০টির গুণিতকে আবেদন করা যাবে। সংস্থার আইপিওতে মোট ৫,৪২০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হয়েছে ও ২,০০০ কোটি টাকার অফার ফর সেল (ওএফএস) রয়েছে। প্রসঙ্গতঃ ওএফএসের মাধ্যমে প্রোমোটর শেয়ারহোল্ডারদের মধ্যে দীপক গোয়েল সর্বাধিক ১,১২৫ কোটি টাকার, রাখী গোয়েল ২৫০ কোটি টাকার এবং দেবেশ গোয়েল ৬২৫ কোটি টাকার শেয়ার বিক্রি করবেন।আইপিও-পরবর্তী সময়ে সংস্থার শেয়ার বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-এ তালিকাভুক্ত হওয়ার প্রস্তাব রয়েছে। এই ইস্যুর বুক রানিং লিড ম্যানেজার হিসেবে রয়েছে আইআইএফএল ক্যাপিটাল সার্ভিসেস এবং আইসিআইসিআই সিকিউরিটিজ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত