
ভুবনেশ্বর, ৯ জুলাই (হি.স.): পিনাকা দীর্ঘ-পাল্লার নির্দেশিত (লং রেঞ্জ গাইডেড) রকেটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-কে অভিনন্দন জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। একই সঙ্গে এই প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত বিজ্ঞানী, গবেষক এবং সংশ্লিষ্ট অংশীদারদেরও শুভেচ্ছা জানান তিনি।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে পিনাকা দীর্ঘ-পাল্লার নির্দেশিত রকেটের সফল পরীক্ষা ভারতের স্বদেশি প্রতিরক্ষা প্রযুক্তি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার ক্রমবর্ধমান শক্তির প্রমাণ।
তিনি বলেন, এই সাফল্য দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা আরও সুদৃঢ় করবে এবং ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যে নতুন গতি যোগাবে। মুখ্যমন্ত্রীর মতে, এই অর্জন ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং স্বদেশি সামরিক প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন