
কলকাতা, ৯ জুলাই (হি.স.): বৃহস্পতিবার, ৯ জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর প্রতিষ্ঠা দিবস। দেশজুড়ে এই দিনটি 'জাতীয় ছাত্র দিবস' হিসেবেও পালিত হয়। রাজ্য জুড়েও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হচ্ছে এবং এই উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবিভিপির ৭৮তম প্রতিষ্ঠা দিবস ও জাতীয় ছাত্র দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক বার্তায় তিনি লিখেছেন— জাতীয়তাবাদী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম 'প্রতিষ্ঠা দিবস' ও 'জাতীয় ছাত্র দিবস' উপলক্ষ্যে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভেচ্ছা ও জাতীয়তাবাদী অভিনন্দন।
উল্লেখ্য, ১৯৪৯ সালের আজকের এই দিনেই আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এরপর থেকে 'জ্ঞান, চরিত্র এবং ঐক্য'—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে এটি আজ বিশ্বের অন্যতম বৃহত্তম ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত