
হরিদ্বার, ১০ আগস্ট (হি.স.) : উত্তরাখণ্ডে কাঁওয়ার মেলার ভিড়ে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ১২ বছরের এক শিশু। কর্তব্যরত পুলিশকর্মীর তৎপরতায় তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেটার নয়ডার জলালপুর গ্রামের বাসিন্দা রোশনের ১২ বছরের ছেলে শিব কাঁওয়ার মেলার ভিড়ে পরিবারের সদস্যদের থেকে আলাদা হয়ে যায়। ভয় পেয়ে কাঁদতে থাকা শিশুটিকে কর্তব্যরত পুলিশকর্মী সৌরভ চৌধুরী দেখতে পান।
তিনি শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে তার নাম, বাবার নাম ও ঠিকানা জেনে পরিবারের সদস্যদের খোঁজ শুরু করেন।দীর্ঘ চেষ্টার পর পুলিশ শিশুটির বাবা রোশনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। পরে তাঁকে ঘটনাস্থলে ডেকে এনে ছেলের হাতে তুলে দেওয়া হয়।ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন পরিবারের সদস্যরা। পুলিশের তৎপরতার জন্য তাঁরা কৃতজ্ঞতা জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস