একতা-ঐক্য ও সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে শ্রীভূমিতে তিরঙ্গা যাত্রা
শ্রীভূমি, (অসম) ১০ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসকে সামনে রেখে সমগ্র দেশের সঙ্গে শ্রীভূমি জেলাতেও শুরু হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে একতা, ঐক্য ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে সোমবার শ্রীভূমি শহরে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য তিরঙ্গ
Tiranga rally in Sreebhumi


শ্রীভূমি, (অসম) ১০ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসকে সামনে রেখে সমগ্র দেশের সঙ্গে শ্রীভূমি জেলাতেও শুরু হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে একতা, ঐক্য ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে সোমবার শ্রীভূমি শহরে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা।

শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই যাত্রাতে জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মী, বিভিন্ন বিভাগের কর্মচারী, বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, যুব স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার সকাল ১০টায় জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গণ থেকে অতিরিক্ত জেলা আয়ুক্ত এল খিংতে জাতীয় পতাকা নেড়ে যাত্রার সূচনা করেন। ‘বন্দে মাতরম’ সঙ্গীতের আবহে তিরঙ্গা হাতে নিয়ে যাত্রাটি সার্কিট হাউস রোড, জেলা গ্রন্থাগার ভবন হয়ে প্রধান সড়ক দিয়ে পুনরায় জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। যাত্রাজুড়ে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের আবেগ ছিল চোখে পড়ার মতো।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত জেলায় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির বিভিন্ন আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসেবে সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন তিরঙ্গার আলোয় সজ্জিত করা হচ্ছে। পাশাপাশি ‘বন্দে মাতরম’ ভাবনাকে সামনে রেখে ত্রিবর্ণ রঞ্জিত আলপনা ও বিভিন্ন প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে।

আগামী ১২ আগস্ট বিকেল ৪টায় শ্রীভূমি সার্কিট হাউস থেকে শহীদ বেদীর উদ্দেশে বাইক ও সাইকেল যাত্রা বের হবে। ১৩ আগস্ট বিকেল ৪টায় জেলা আয়ুক্ত কার্যালয়ে ‘বন্দে মাতরম’ ভাবনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া ১৪ আগস্ট বিকেল ৫টায় ‘বিভাজন ও বিভীষিকা’ বিষয়কে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে এমজি রোড পয়েন্ট পর্যন্ত মোমবাতি মিছিল বের করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আধিকারিক ও কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং সর্বস্তরের নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ‘হর ঘর তিরঙ্গা’ ওয়েবসাইটে নিজেদের তিরঙ্গার সঙ্গে ছবি তুলে আপলোড করার জন্যও আবেদন জানানো হয়েছে। জাতীয় অনলাইন কুইজ প্রতিযোগিতাতেও অংশগ্রহণের সুযোগ রয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande