
বীরভূম, ১০ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের পেছনে অবস্থিত একটি বাড়িতে সোমবার তল্লাশি অভিযান চালিয়ে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, এই তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন। তবে তাঁদের আটকের বিষয়ে পুলিশের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ যে বাড়িটিতে তল্লাশি চালিয়েছে, তার মূল প্রবেশদ্বারের সামনে দীর্ঘদিন ধরে একটি বিলাসবহুল গাড়ি দাঁড় করানো ছিল। সূত্রের দাবি, ওই গাড়িটি টুলু মণ্ডলের শ্যালক এমডি শামসুর আলমের। গত কয়েক মাস ধরে গাড়িটি সেখানেই দাঁড় করানো ছিল বলে জানা যাচ্ছে। এই বিষয়েও পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে ২৮.৫ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার করেছিল পুলিশ। এরপর বীরভূম জেলা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে, যেখানে টুলু মণ্ডলকে মূল অভিযুক্ত করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত টুলু মণ্ডল গত বেশ কিছুদিন ধরে ফেরার রয়েছেন। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি দেশ ছেড়ে বিদেশে আত্মগোপন করে রয়েছেন বলেও জল্পনা দেখা দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, টুলুর বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রুজু রয়েছে। নিরাপত্তার দাবি ও আইনি সুরক্ষার খোঁজে টুলু ইতিপূর্বে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন।
বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, এ পর্যন্ত টুলু মণ্ডলের সঙ্গে যুক্ত প্রায় ২২০ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ বা বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া ২৮.৫ কোটি টাকা নগদ ও ১৫ কেজি সোনাও অন্তর্ভুক্ত রয়েছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে মিনার মণ্ডল দাবি করেছেন, টুলু মণ্ডল তাঁর সম্পত্তি দেখাশোনার দায়িত্ব তাঁকে দিয়ে গিয়েছিলেন। তবে বর্তমানে টুলু কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন, সে বিষয়ে পুলিশ এখনও সুনির্দিষ্ট কোনও তথ্য পায়নি।
হিন্দুস্থান সমাচার / সোনালি