রক্তদানে মানবিকতার বন্ধন, বিলোনিয়ায় স্বেচ্ছা রক্ত দিলেন ১২৩ জন
বিলোনিয়া (ত্রিপুরা), ১০ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে সোমবার অফিস কমপ্লেক্সে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরকে ঘিরে কর্মী ও সাধারণ মানুষের
রক্তদান শিবির বিলোনিয়ায়


বিলোনিয়া (ত্রিপুরা), ১০ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে সোমবার অফিস কমপ্লেক্সে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরকে ঘিরে কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। দিনভর আয়োজিত এই রক্তদান কর্মসূচিতে ১২৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

শিবিরের উদ্বোধন করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মণ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রক্তদানের কোনও বিকল্প নেই। একজন মানুষের দেওয়া রক্ত সংকটাপন্ন আরেকজন মানুষের জীবন বাঁচাতে পারে। রক্তদানের মধ্য দিয়ে মানুষের মধ্যে মানবিক সম্পর্ক ও পারস্পরিক সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হয়।

তিনি বলেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজের প্রতি আমাদের একাধিক কর্তব্য রয়েছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হল স্বেচ্ছায় রক্তদান। মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্যেই প্রকৃত মানবিকতার পরিচয় পাওয়া যায়।

পঞ্চায়েত মন্ত্রী আরও বলেন, ২০৪৭ সালের মধ্যে দেশকে ‘বিকশিত ভারত’ হিসেবে গড়ে তুলতে হলে শুধু অর্থনৈতিক উন্নয়নই যথেষ্ট নয়। এর পাশাপাশি মানুষের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, কর্তব্যবোধ ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে শুধু একজন মুমূর্ষু রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয় না, একইসঙ্গে তাঁর পরিবারকেও এক কঠিন পরিস্থিতিতে আশার আলো দেখানো যায়। একজন রক্তদাতার সামান্য উদ্যোগ একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে। তাই রক্তদান নিঃসন্দেহে এক মহৎ ও মানবিক কাজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা মহম্মদ হাবিজ উদ্দিন। তিনি রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সমাজসেবী দীপায়ন চৌধুরী, বিলোনিয়া মহকুমার মহকুমা শাসক দেবজ্যোতি রায়-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

এদিনের শিবিরে ১২৩ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে আয়োজিত এই উদ্যোগে রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande