নতুন আঙ্গিকে হোম স্টে ট্যুরিজম পলিসি, জানালেন পর্যটনমন্ত্রী
কলকাতা, ১৮ আগস্ট (হি. স.) : হোম - স্টে ট্যুরিজম পলিসি এবার নতুন আঙ্গিকে। পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষ মঙ্গলবার এই প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন - পর্যটন মানচিত্রে এ বার নতুন করে গুরুত্ব পেতে চলেছে হোম-স্ট
নতুন আঙ্গিকে হোম স্টে ট্যুরিজম পলিসি, জানালেন পর্যটনমন্ত্রী


কলকাতা, ১৮ আগস্ট (হি. স.) : হোম - স্টে ট্যুরিজম পলিসি এবার নতুন আঙ্গিকে। পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষ মঙ্গলবার এই প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন - পর্যটন মানচিত্রে এ বার নতুন করে গুরুত্ব পেতে চলেছে হোম-স্টে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ - সর্বত্র হোম - স্টে পর্যটনকে আরও পরিকল্পিত ও আকর্ষণীয় করে তুলতে নতুন করে ‘হোম - স্টে ট্যুরিজম পলিসি’ অনুমোদনের পথে এগোচ্ছে রাজ্যের পর্যটন দফতর। এতদিন ধরে হোম - স্টে গুলিকে ঘিরে যে ধরনের অভিযোগ সামনে এসেছে, সেগুলির নিষ্পত্তির পাশাপাশি নতুন কিছু বিশেষ নির্দেশিকাও জারি করবে রাজ্য সরকার। হোম - স্টে ব্যবসাকে আরও জনপ্রিয় করে তুলতে নেওয়া হবে একাধিক উদ্যোগ।

একই সঙ্গে চা-বাগানের ঐতিহাসিক বাংলোগুলিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনাও রয়েছে। সেখানে পর্যটকদের থাকার ব্যবস্থা করার পাশাপাশি বাংলোগুলির ইতিহাস, ঐতিহ্য এবং চা-বাগান সংস্কৃতির সঙ্গে তাঁদের আরও নিবিড় ভাবে পরিচিত করানোর উদ্যোগ নেওয়া হবে।

এর পাশাপাশি রাজ্যের পর্যটন শিল্পে নতুন গতি আনতে জোর দেওয়া হবে ‘অ্যাডভেঞ্চার ট্যুরিজম সার্কিট’-এ। প্রতিটি পর্যটন সার্কিটকে ধরে ধরে পরিকাঠামো উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে। লক্ষ্য, পর্যটনের প্রসার ঘটানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে কর্মসংস্থান ও আয় বৃদ্ধি। সেইসঙ্গে বেসরকারি বিনিয়োগকে আরও উৎসাহিত করা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande