
দুর্গাপুর, ১৮ আগস্ট (হি. স.): বাড়ির সামনে মোটরবাইক রাখার প্রতিবাদ করায় এক বিজেপি সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার দুই ছেলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত সচিদানন্দ যাদব নামে ওই বিজেপিকর্মী দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার খয়রাশোল এলাকায়।
পরিবারের অভিযোগ, তৃণমূলের আমল থেকেই বিজেপি সমর্থক হওয়ার কারণে তাঁদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি ও হয়রানি করা হত। এমনকি তৃণমূলকে ভোট দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
অভিযোগ, কয়েক দিন আগে সচিদানন্দ যাদবের বাড়ির সামনে মোটরবাইক পার্কিং করে রেখেছিলেন তৃণমূল নেতার দুই ছেলে অনির্বাণ শ্যাম ও অর্ণব শ্যাম। বাড়ির সামনে মোটরবাইক রাখার প্রতিবাদ করেন সচিদানন্দ। অভিযোগ, সেই প্রতিবাদের জেরেই তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত দুজন সিভিক ভলান্টিয়ারে কর্মরত হওয়ায় দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওই বিজেপি সমর্থকের। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে।
তবে আক্রান্তের পরিবারের তরফে আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসিপি ইস্টের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে ঘটনার তদন্ত।
এদিকে মঙ্গলবার ঘটনার পর পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ চন্দ্র ঘোড়ুই।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা