
কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গোটা রাজ্যে রাখিবন্ধন উৎসব পালনের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। এই নিয়ে মঙ্গলবার নির্দেশিকা জারি করেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। সেখানে বলা হয়েছে, জাতীয় ঐক্য, সৌভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতি ও রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যর বার্তা দিতেই রাখিবন্ধন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর একটি নির্দেশিকা জারি করে কলকাতা পুরসভার কমিশনার এবং সব জেলার জেলা শাসকদের বিস্তারিত নির্দেশ পাঠিয়েছেন।
২৮ আগস্ট গ্রাম ও শহরে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর এবং যুব কল্যাণ ও ক্রীড়া দফতর যৌথ ভাবে রাখিবন্ধন কর্মসূচি পালন করবে। উদযাপনের মূল আকর্ষণ হতে চলেছে তেরঙ্গা রাখি। রাজ্যের যুব ও ক্রীড়া দফতরকে জেলায় জেলায় এই রাখি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও ব্লক স্তরে এই অনুষ্ঠান হবে। মহকুমা, জেলা সদর ছাড়াও কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে এবং রাজ্যের অন্যান্য পুরসভাগুলির অন্তত ৪-৫টি নির্বাচিত ওয়ার্ডে বিশেষ অনুষ্ঠান পালন করা হবে। রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য, বাউল ও লোক সঙ্গীত এবং স্থানীয় সংস্কৃতি তুলে ধরতে হবে বলে জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ