
আমেঠি, ১৯ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের আমেঠি জেলার জায়স থানা এলাকায় পুকুরে ডুবে নিখোঁজ এক যুবকের মৃতদেহ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শৌচকর্মের জন্য বাড়ি থেকে বেরিয়ে পুকুরের কাছে পা পিছলে গভীর জলে পড়ে যান তিনি। রাতভর তল্লাশির পর বুধবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।বুধবার জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ জায়স থানার পুরো হাকিম ওয়ার্ড নম্বর ২-এর বাসিন্দা মুকেশ কুমার বাড়ি থেকে শৌচকর্মের জন্য বেরিয়েছিলেন। ঈশার পুকুরের কাছে পৌঁছতেই আচমকা তাঁর পা পিছলে যায় এবং তিনি গভীর জলে পড়ে ডুবে যান। যুবকের পুকুরে ডুবে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে তল্লাশি শুরু করেন। পরে পুলিশও সেখানে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পুকুরে তল্লাশি চালায়। তবে গভীর রাত পর্যন্ত খোঁজ করেও মুকেশের সন্ধান পাওয়া যায়নি। রাত বেশি হয়ে যাওয়ায় তল্লাশি অভিযান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।বুধবার সকালে ফের পুলিশ ও গ্রামবাসীরা পুকুরে তল্লাশি শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর পুকুর থেকে মুকেশের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধারের খবর পৌঁছতেই পরিবারে শোকের ছায়া নেমে আসে।জায়স থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমরেন্দ্র সিং জানান, মৃতের পরিচয় মুকেশ কুমার (৩২), তিনি পুরো হাকিম ওয়ার্ড নম্বর ২, জায়স থানা এলাকার বাসিন্দা। পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস