
বাঁকুড়া, ২ আগস্ট (হি.স.): শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে এক্তেশ্বর শিব মন্দিরে জলাভিষেক উপলক্ষে রবিবার বাঁকুড়া শহরে সহস্রাধিক মঙ্গলঘট নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শ্রীশ্রী এক্তেশ্বর শিব মন্দির সেবা কমিটির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় ভক্তিগীতি, শিবের ট্যাবলো এবং ‘হর হর মহাদেব’ ও ‘বোল বাম’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা শহর।
বাঁকুড়া ধর্মশালা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে নুতনগঞ্জ, রসতলা, চকবাজার, রানিগঞ্জ মোড় ও লালবাজার হয়ে প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে পৌঁছায়। নারী, পুরুষ, শিশু ও প্রবীণ মিলিয়ে প্রায় দুই থেকে তিন হাজার ভক্ত এতে অংশ নেন। সুসজ্জিত ট্যাবলো ও ভক্তিমূলক সঙ্গীতের আবহে শোভাযাত্রা দেখতে রাস্তার দু'ধারে ভিড় জমান অসংখ্য মানুষ।
শোভাযাত্রা শেষে ভক্তরা এক্তেশ্বর শিব মন্দিরে ভগবান শিবের জলাভিষেক ও পূজা করেন। শুশুনিয়া পাহাড়ের প্রাকৃতিক ঝরনা থেকে সংগৃহীত পবিত্র জল দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে নিবেদন করা হয়।
শ্রাবণী মেলাকে ঘিরে বাঁকুড়া জেলা পুলিশ নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি বিভিন্ন শিব ও ‘বোল বাম’ কমিটির উদ্যোগে পথের বিভিন্ন প্রান্তে সেবাশিবির খোলা হয়। সেখানে ভক্তদের জন্য পানীয় জল, শরবত ও জলখাবারের ব্যবস্থা করা হয়।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট